ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু
গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্থানীয় আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও তার ছোট ভাই আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। দুই জনই কৃষিকাজ ও মাছ ধরার কাজ করতেন।
আরও পড়ুন: শ্রীপুরে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তৎপর যুবদল নেতা আবু তাহের প্রধান
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন আবুল খায়ের ও জাকারিয়া। ডোবার পানি সেচে ফেলার জন্য তারা বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি সেচ এর কাজ করছিলেন। দুপুরের দিকে মটরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হঠাৎ করে দু’জনই একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার করেন। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে শিংজানি খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
নিহতদের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নিহত আবুল খায়ের ছিলেন তিন সন্তানের জনক এবং পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। অপরদিকে জাকারিয়া মাত্র কয়েক মাস আগে স্থানীয় একটি কলেজ থেকে ডিপ্লোমা শেষ করেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





