খালেদা জিয়ার ভাগিনা তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগনে,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য,নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নীলফামারী জেলা ও জেলার বিভিন্ন উপজেলার বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা বিএনপিসহ জেলার ডিমলা,ডোমার,জলঢাকা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের নিজ-নিজ শহরে এই বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়াও জেলা-উপজেলার পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
এ সময় দ্রুত সময়ের মধ্যে তুহিনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যে মামলা থেকে অব্যাহতির জোর দাবি জানানো হয়।
আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ
উল্লেখ্য: কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক সেই রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় তার নিঃশর্ত মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।





