ফেনীতে উচ্ছেদ অভিযান চলাকালে হামলায় আহত ৪, অস্ত্রসহ আটক ৫
ফেনীর সোনাগাজীতে পৌরসভার উচ্ছেদ অভিযান চলাকালে গ্রামবাসীর উপর হামলা করেছে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ও তার সহযোগীরা। ২৪ জুলাই, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌরসভার বাখরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
জানাগেছে, সোনাগাজী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাখরিয়া গ্রামে ড্রেন নির্মাণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক নাজিয়া হোসেন।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
অভিযানে পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনের বাড়ির সীমানা প্রাচীর ভাঙার সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এতে চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, বাখরিয়া গ্রামের আব্দুল আজিজ দুলাল, নোমান হোসেন, আবিদুর রহমান ও লিটন।
খবর পেয়ে যৌথবাহিনীর (সেনা-পুলিশ) সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
আটককৃতরা হলেন: মোহাম্মদ মাঈন উদ্দিন (৫০), তার ছেলে নিহাল আহমেদ অমি (২০), এবং তার সহযোগী আব্দুস শুক্কুর (৫০), সোহেল কামাল (২৮) ও শাহাদাত হোসেন মিশন (১৭)।
আহত আব্দুল আজিজ দুলাল বলেন, মামলার প্রস্তুতি চলছে।
মাঈন উদ্দিনের পরিবারের দাবি, এখানে ড্রেন নির্মাণের বিরুদ্ধে ২৩ জুলাই আদালতে ১৪৫ ধারায় মামলা করা হয়েছিল। সেটা উপেক্ষা করে যৌথবাহিনী ও গ্রামের লোকজনকে নিয়ে প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে।
সোনাগাজী পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, মাঈন উদ্দিন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। তবে ঘটনাটি তার পারিবারিক, তদন্তপূর্বক জেলা বিএনপি সার্বিক বিষয় বিবেচনা করবে।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, মাঈন উদ্দিন বর্তমানে কোনো পদে নেই। তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন, সেটা দেশের প্রচলিত আইনে বিচার হবে।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বলেন, ড্রেনের কাজ চলাকালে গ্রামবাসীর ওপর হামলা হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে দেশীয় তৈরি চাপাতি, দামা ও ছুরিসহ আটক করা হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন বলেন, ড্রেন নির্মাণে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে যৌথবাহিনীর সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।





