রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা, গ্রেপ্তার ৫
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
ঘটনা ঘটে শুক্রবার জুমার নামাজের পর, যখন দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এতে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।
আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
ঘটনার পর পুলিশ ৩ থেকে ৩.৫ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে। গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা মামলাটি দায়ের করেন। ঘটনার সময় পুলিশের ১০–১২ জন সদস্য আহত হন এবং দুইটি গাড়ি ভাঙচুর করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকেও লক্ষ্য করে জনতা হামলা চালায়।
আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ
ঘটনার পর থেকে নুরাল পাগলার দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে ধ্বংসস্তূপ দেখতে স্থানীয় ও আশেপাশের জনতা সমাগম করেছেন।





