তিন যুগ পর আগামীকাল চাকসু ও হল সংসদ নির্বাচন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার (১৫ অক্টোবর)। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, চাকসুর ভোট গণনা হবে দুই লেয়ারে, এবং ১৫ অক্টোবরের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

তিনি বলেন, “আমাদের ব্যালট পেপার আর রঙ পর্যন্ত এখনো কেউ জানে না। আমরা সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করে ভোটের আয়োজন করছি।”

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

অধ্যাপক কামাল উদ্দিন আরও জানান, ফল গণনার সময় সব প্রার্থীর প্রতিনিধি উপস্থিত থাকবেন। ভোটের সময় পরিদর্শক ও গণমাধ্যমকর্মীদের চলাচলে থাকবে পূর্ণ স্বাধীনতা। তিনি বলেন, “ডাকসু ও রাকসু নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেসব সীমাবদ্ধতা এখানে থাকবে না বলে আমরা আশাবাদী।”

এবারের চাকসুর সপ্তম নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। কেন্দ্রীয় সংসদে পদ রয়েছে ২৬টি, যার মধ্যে ভিপি–জিএসসহ সব পদেই প্রতিদ্বন্দ্বিতা হবে। ১৫টি হল ও হোস্টেল সংসদে পদ রয়েছে ১৪টি করে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

মোট প্রার্থী ৯০৮ জন, যার মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫টি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে, যেখানে থাকবে ৬০টি কক্ষ।

উপাচার্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন ঘিরে নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশাসনিক জনবল।