গাজীপুরের শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৩ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক নারী ও পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর বলিষ্ঠ ও মানবিক নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা দলে যোগ দেন।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে শিংজানি খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

রবিবার (২১ ডিসেম্বর) সকালে টেপির বাড়ি গ্রামে ডাঃ বাচ্চুর নিজ বাসভবনে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম ও তেলিহাটি গ্রামের আব্দুল মালেকের নেতৃত্বে নারী-পুরুষ মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষ বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এই সময় তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের যোগদান সম্পন্ন করেন।

আরও পড়ুন: তরুণদের অনুপ্রেরণায় সম্মাননা, হাফসা ইসলাম মোহকে সংবর্ধনা দিল সাদমান টিপু ফুটবল একাডেমি

যোগদান অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “দেশ আজ এক গভীর রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—বিএনপিই জনগণের আস্থা ও বিশ্বাসের শেষ আশ্রয়স্থল। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের এই জাগরণ ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে। নতুন যারা দলে এসেছেন, তাদের ঐক্যবদ্ধ ভূমিকা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।”

নব্য যোগদানকারীরা জানান, বিএনপির আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকসি, বিএনপি নেতা সালেহ আহমেদ, রিপন ফকির, মফিজুল, আলম শেখ, জহিরুর ইসলাম, রুহুল আমিন তোতাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপিতে নবাগত সকল সদস্যকে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান।