আশুলিয়ায় ফের বিতর্কে এসআই আনোয়ার, ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশুলিয়ায় আবারও গুরুতর অভিযোগে আলোচনায় উঠে এসেছেন আশুলিয়া থানার বিতর্কিত এসআই আনোয়ার। জিরা বোঝাই একটি ট্রাক আটকে রেখে ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ফারুক হোসেন জানান, গতকাল মঙ্গলবার আশুলিয়া এলাকায় জিরা বোঝাই একটি ট্রাক থামিয়ে এসআই আনোয়ার জোরপূর্বক ১৫ লাখ টাকা আদায় করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি ঢাকা জেলা পুলিশ সুপারকে জানান।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

অভিযোগ পাওয়ার পর ঢাকা জেলা পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি মোড় নেয়। পুলিশ সুপারের চাপের মুখে এসআই আনোয়ার ভুক্তভোগী ফারুক হোসেনকে আদায় করা পুরো ১৫ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হন। ঘটনার খবর দ্রুতই আশুলিয়া জুড়ে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ঢাকা জেলা পুলিশ গতকাল রাতেই এসআই আনোয়ারকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

স্থানীয় সূত্রে জানা যায়, এসআই আনোয়ারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে জোরপূর্বক একটি গরুর খামার থেকে সাতটি গরু নিয়ে আসার অভিযোগসহ নানা ধরনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, এসআই আনোয়ারকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্লোজড করা হয়েছে। তবে কেন তাকে ক্লোজড করা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।

একাধিক অভিযোগ সত্ত্বেও দীর্ঘদিন ধরে বহাল থাকা এসআই আনোয়ারের বিরুদ্ধে এবার দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, এ ধরনের ঘটনায় কেবল ক্লোজড নয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।