খুলনায় বাটা শো-রুমে ঢুকে শ্রমিক নেতাকে গুলি করে হত্যা, আটক ১
খুলনায় বাটা শো-রুমে ঢুকে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ অশোক (৩৮) নামে এক শুটারকে আটক করে পুলিশ।
বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত বাটা শো-রুমে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেল ঘোড়াশাল-পলাশ সার কারখানা
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সাতজন সন্ত্রাসী ডাকবাংলা মোড়ে মাসুমকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাগেরহাটে পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্ত শুরু
শো-রুমের কর্মকর্তা-কর্মচারীরা জানান, রাতে অনেক ক্রেতা উপস্থিত ছিলেন। এমন সময় কয়েকজন দৌড়ে শো-রুমে ঢুকে পেছন থেকে গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে একজনকে জখম করে। পরে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ডিসি তাজুল ইসলাম বলেন, “আমাদের একজন ট্রাফিক ইন্সপেক্টর তাকে আটক করেন। বিদেশি পিস্তলসহ অশোক ঘোষ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাকে নিয়ে অভিযান চালিয়ে বাকিদেরও আইনের আওতায় আনা হবে।” তিনি জানান, আটক অশোক বি-কোম্পানির সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহমুদ আলম বলেন, “ডাকবাংলা মোড় থেকে লোকজন দৌড়ে আসছিল। শুনলাম গুলি হয়েছে। দেখি একজন রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে এবং কোমরে পিস্তল গুঁজে রাখছে। সন্দেহ হলে তাকে ধাওয়া করি এবং স্থানীয়দের সহযোগিতায় পিস্তলসহ আটক করি।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।





