হবিগঞ্জে বিজিবির অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ, মূল্য ১৮ লাখ টাকা

Sanchoy Biswas
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রবিবার (২২ মার্চ ২০২৬) বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ-এর হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের আওতাধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপির টহলদল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

অভিযানকালে সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফরেস্ট ও গুইবিল এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দকৃত গরুগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সম্পৃক্ততার আশঙ্কা

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক ভূমিকা রাখবে।