দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার রোধ: আড়াই কোটি টাকার বারসহ আটক ১

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তি আলমগীর খান (৫৫), তিনি দর্শনা মোবারকপাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়কের কাছে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে একটি টহলদল পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট থেকে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ১.১৬৬ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।