লক্ষ্মীপুরে অনৈতিক সুবিধা না দেওয়ায় ব্যবসায়ীর রড লুট, গ্যারেজ ভাঙচুর

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে অনৈতিক সুবিধা না দেওয়ায় এক ব্যবসায়ীর গ্যারেজে হামলা, ভাঙচুর ও নির্মাণাধীন ভবনের রড লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোটারিয়ান মোঃ সিদ্দিক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘুলি সড়কস্থ এলাকায় এ ঘটনা ঘটে। বাদী সিদ্দিক বিল্ডিং বিলাস এস এস মেটাল অ্যান্ড থাই অ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী ও লক্ষ্মীপুর রোটারি ক্লাবের সদস্য।

আরও পড়ুন: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সিদ্দিক কয়েক ধাপে মান্দারী-দিঘুলী সড়কস্থ এলাকায় প্রায় ৮ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে একটি গ্যারেজ ছিল এবং একই স্থানে নতুন করে ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে দাবি করা অনৈতিক সুবিধা না পেয়ে একটি চক্র রাতের আঁধারে সেখানে ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা নির্মাণাধীন ভবনের রড লুট করে নিয়ে যায় এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী পাশের খালে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং নির্মাণকাজ ব্যাহত হয়েছে।

মামলায় নাছির উল্যা, লিটন ভূঁইয়া, ফয়সাল, আব্দুল লতিফসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

মোঃ সিদ্দিক অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে এবং তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।