কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
* সাদিয়া (৮), ভুরুঙ্গামারীর আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে
* নুরনবী (৩০), জাহিদুল ইসলামের ছেলে
* লিমন (২৮), ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে এবং পেশায় মাইক্রোবাস চালক
স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারীর বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে নাগেশ্বরীর বাঁশেরতল এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।





