বালুখেকোদের জন্য কড়া হুঁশিয়ারি

নিকলীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার জব্দ ও ২ লাখ টাকা জরিমানা

Sanchoy Biswas
নিকলী (কিশোরগঞ্জের) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১২:৩৯ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি বলগেট জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের ধনু নদীতে জনৈক আনোয়ার হোসেনের ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তির নির্দেশনায় বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

অভিযানকালে একটি ড্রেজার ও একটি বলগেটসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— আলম (৩৫), আনোয়ার (২৮), মনির (৩০) ও সজিব (১৮)।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে জরিমানার অর্থ পরিশোধ করায় তারা মুক্তি পান।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ বলেন, “অবৈধ ড্রেজার দিয়ে যেখানেই বালু উত্তোলন করা হবে, সেখানেই প্রশাসনের অভিযান পরিচালিত হবে। অপরাধী, অবৈধ ড্রেজার মালিক এবং অবৈধ বালু উত্তোলনকারীরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। নদী ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং নদী রক্ষায় এ অভিযান আরও জোরদার করা হবে।”

স্থানীয়রা প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।