কাপ্তাইয়ে ক্যান্সার আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারকে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের আর্থিক সহায়তা

Sanchoy Biswas
রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ১২:৩৪ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক ক্যান্সার আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পাঠানো আর্থিক সহায়তা আজ বুধবার (১০ জুন) কাপ্তাইয়ে ওই ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর পক্ষে এই মানবিক সহায়তা হস্তান্তর করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।

আরও পড়ুন: আশুলিয়ায় চুরির অপবাদে নির্যাতনের পর রিকশাচালকের আত্মহত্যা

সহায়তা প্রদানকালে মোর্শেদ আলম বলেন, “অসুস্থ এই পরিবারটির চরম অসহায়ত্বের কথা জানিয়ে স্থানীয় একটি পত্রিকায় একটি মানবিক আবেদন প্রকাশিত হয়েছিল। বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্রই মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে সাড়া দেন এবং ব্যক্তিগতভাবে পরিবারটিকে দ্রুত আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার নির্দেশ প্রদান করেন।”

তিনি আরও উল্লেখ করেন, পাহাড়ের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং মানুষের যেকোনো সুখ-দুঃখে পাশে থাকতে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্যেই প্রতিমন্ত্রী মহোদয় বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এবং মানবিক সংকটে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাহাড়ের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে সরকারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মঈন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে প্রতিমন্ত্রীর এই তাৎক্ষণিক মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন ক্যান্সার আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের সদস্যরা। তারা এই বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।