কৃষকরাই সবচেয়ে সম্মানিত নাগরিক: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম
মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, সেচ প্রযুক্তি ও কৃষিসেবাভিত্তিক মোট ১২টি স্টল অংশ নিয়েছে। মেলায় কৃষকরা বিভিন্ন প্রযুক্তি ও সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: নাজিরপুরে বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন
মেলা উদ্বোধনের পর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার প্রধান ভিত্তি। অনেক সময় সাধারণ পোশাকে চলাফেরা করা কৃষকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। অথচ তারাই আমাদের খাদ্যের জোগানদাতা। তাই কৃষকদের সম্মান করতে হবে এবং তাদের উন্নয়নে আরও বেশি কাজ করতে হবে।
তিনি বলেন, কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকের উন্নয়ন নিশ্চিত হলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
আরও পড়ুন: কুলাউড়ায় নিহত মুজিবের মরদেহ ফেরত দিলো বিএসএফ
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুবেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক নাজমুল বারী সোহেল এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সহসভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক বকুল, উপজেলা কৃষক দলের সভাপতি সোয়েব আহমদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





