কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১২:১১ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় সিঙ্গাপুরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে (৩৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কাপাসিয়া থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী জীবিকার সন্ধানে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় কাপাসিয়ার পেওরাইট এলাকার মিলন (৫৩) নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। মিলন তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ক্লিনার ভিসায় চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং এর জন্য তিন লাখ টাকা দাবি করেন।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

গত ১৫ জুন বিকেলে মিলন ওই নারীকে পাসপোর্টসহ কাপাসিয়ার তারগাঁও মেডিকেল মোড়ে যেতে বলেন। সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছালে তাকে একটি অটোরিকশায় তুলে নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে আগে থেকে উৎপেতে থাকা আরও কয়েকজনের সঙ্গে মিলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী নারী আহত অবস্থায় রাতভর বিভিন্ন স্থানে আশ্রয় নেন এবং পরদিন সকালে বাড়ি ফিরে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।