দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা।
আরও পড়ুন: ভুলতা স্কুল অ্যান্ড কলেজে কোচিং সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষার মান নিয়ে উদ্বেগ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি। এছাড়া বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মাদক একটি নীরব ঘাতক, যা মানুষের মেধা, নৈতিকতা ও ভবিষ্যৎকে ধ্বংস করে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ছোবলে আক্রান্ত হলে জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে। তিনি সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকার প্রশংসা করেন।
আরও পড়ুন: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে শুরু হলো সড়কের সংস্কারকাজ
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। দেশের সীমান্ত ব্যবহার করে অসাধু চক্রের মাদক পাচারের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ২০ হাজার ৪১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজার ৫৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদ, ৫১৬ দশমিক ৭৫ লিটার দেশি মদ, ১৪০ গ্রাম কোকেন, ১০ গ্রাম হেরোইন, ৩ দশমিক ৩৭৭ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ অন্যান্য মাদক ও নেশাজাতীয় দ্রব্য।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রতীকীভাবে বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংসের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, জয়পুরহাট, ফুলবাড়ী ও দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, বিচার বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।





