আশুলিয়ায় সাড়ে তিন বছরের শিশুর রহস্যজনক মৃত্যু
ঢাকার আশুলিয়ায় ইসরাফিল ইসলাম নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে তার সৎ বাবা ও আপন মা মারধর করেছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার অন্ধ কলোনিতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বান্দরবানে পাহাড়ধসে বন্ধ যোগাযোগ, হিল ভিডিপির তৎপরতায় সচল সড়ক
নিহত ইসরাফিল ইসলাম (৩) ঝিনাইদহ সদর উপজেলার রিপনের ছেলে। তার সৎ বাবা ছাব্বিরের বাড়িও একই এলাকায়। ইসরাফিল তার মা লাবনী বেগম ও সৎ বাবা ছাব্বিরের সঙ্গে নরসিংহপুর অন্ধ কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করত।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে শিশুটিকে মারধর করা হয়। বুধবার সকালে ঘুম থেকে উঠে ইসরাফিলের শারীরিক অবস্থার অবনতি দেখতে পেয়ে মা ও সৎ বাবা তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করে।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে পাহাড়ের মৃত্যু ফাঁদ: চট্টগ্রাম-কক্সবাজারে তিন দিনে প্রাণ গেল অন্তত ২০ জনের
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎ বাবা ও আপন মাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





