বিশ্বকাপ ফাইনাল দেখার পর নোয়াখালীতে যুবকের আত্মহত্যা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৩১ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর রায়হান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার আব্দুল বারিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে এলাকার অন্যদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখেন রায়হান। খেলা শেষে বাড়ি ফেরার পর কোনো একটি বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

এরপর তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

তিনি জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।