কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ৫:২৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই রোববার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় "কৃষক কার্ড" প্রস্তুতের জন্য কৃষক তালিকা প্রণয়ন, কৃষক তথ্য সংগ্রহ ও অনুমোদন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ আউলিয়া খাতুন সভায় স্বাগত বক্তব্য রাখেন। এসময় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন, প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাকিল আহমেদ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. বাছেদ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার, মনি ফকির, পিআইও'র প্রতিনিধি নূরুজ্জামান, কৃষক প্রতিনিধি কামরুজ্জামান সবুর প্রমুখ।

সভায় জানানো হয়, ইতিপূর্বে ১ হাজার ৯৫০ জন কৃষকের মধ্যে ১ হাজার ৭১৪ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। আগামী ৮ আগস্ট সারা বাংলাদেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

সভায় সংগৃহীত তালিকা অনুযায়ী ১০০ জন কৃষকের মধ্যে ১০ জন কৃষকের সার্বিক তথ্য যাচাই-বাছাই করার জন্য কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ সুজন হাসানকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট যাচাই-বাছাই কমিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য যাচাই করবেন।