বিগত ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি মাঠে সক্রিয় ছিল: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, "বিগত ১৭ বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি সার্বক্ষণিক মাঠে সক্রিয় থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। বিএনপি ১৭টি বছরের আন্দোলনে কখনও মাঠ ছেড়ে চলে যায়নি।"
তিনি বুধবার নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন: গাজীপুর সদর উপজেলায় জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আরও বলেন, "জুলাই আন্দোলনে আমি নিজে উপস্থিত থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করায় আমাকে অনেক জুলুম-অত্যাচার সহ্য করতে হয়েছে। এ সময় আমাদের অনেক নেতাকর্মীকে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও আমি কখনও নেতাকর্মীদের একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি।"
সভায় তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অচিরেই নান্দাইলের ৬টি শহীদ পরিবারকে একটি করে আধাপাকা ঘর এবং সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া হবে।
আরও পড়ুন: কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, প্রাণিসম্পদ কর্মকর্তা কে. এম. আবদুল্লাহ আল-মামুন, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সমন্বয়ক সাইফুল ইসলাম শাহিন, সোহেল মিয়া, হযরত আলী, মোহাম্মদ আলী, শেখ সাদী, রানা হোসেন, আতিকুজ্জামান নওফেল ও পিয়াস হোসেন।
শেষে নান্দাইলের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের মাঝে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এদিকে উক্ত সভার পূর্বে তথ্য প্রতিমন্ত্রী নান্দাইলের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই শহীদ ও যোদ্ধাদের স্মরণে বৃক্ষরোপণ করেন। শেষে তিনি জুলাই যোদ্ধাদের স্মৃতিবিজড়িত ফটো কর্নারের উদ্বোধন করেন।





