পিরোজপুরে বৈরী আবহাওয়ায় সংক্ষিপ্ত পরিসরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Sanchoy Biswas
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩১ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পিরোজপুরে সংক্ষিপ্ত পরিসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টায় পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় একটি সংক্ষিপ্ত র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শরীয়তপুরে চুরি মামলায় ৫ জন গ্রেপ্তার

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই দলটি জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

আরও পড়ুন: উলিপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিনি আরও বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত পরিসরে পালন করা হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।