প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা ফিরোজা বেগম (৬০) মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নওগাঁয় ২০ হাজার চারা রোপণ, সবুজায়নের গুরুত্ব তুলে ধরলেন পরিবেশ প্রতিমন্ত্রী
এর আগে সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সফরে ঢাকা থেকে নিজের সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের দিকে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী। গোপীনাথপুর এলাকায় গাড়িটি পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগমকে দেখা যায়। তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। এ সময় গাড়িতে প্রতিমন্ত্রীর স্ত্রীও ছিলেন।
আরও পড়ুন: রূপগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উদযাপন
দুর্ঘটনায় ফিরোজা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে আহত প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি নিজ বাড়িতে ফিরে যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





