ভোলায় নদীর পাড় ভেঙে তলিয়ে দুই যুবক নিখোঁজ

Shahrier Islam Pallab
ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলা সদর উপজেলায় মেঘনা নদীর তীরে বসে আড্ডা দেওয়ার সময় আকস্মিক মাটি ধসে নদীতে পড়ে বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট সংলগ্ন (স্থানীয়দের কাছে ‘গরিবের দুবাই’ নামে পরিচিত) মেঘনা নদীর তীরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকরা হলেন— ভোলা পৌরসভার কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মো. আমজাদ (২৮) এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকার সর্দার বাড়ির বাসিন্দা বাবুলের ছেলে মো. রাকিব (২৬)।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শুভ ওরফে বিল্লালের শেষযাত্রা থমকে আছে ধর্মপরিচয়ের দ্বন্দ্বে

যেভাবে ঘটে দুর্ঘটনা: স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ মোট ৫ বন্ধু মিলে মেঘনা নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে নদী তীর সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাঊবো) ফেলা জিওব্যাগসহ তীরের একটি বড় অংশ হঠাৎ করে নদীতে ধসে পড়ে। মুহূর্তে ৫ বন্ধুই খরস্রোতা মেঘনায় তলিয়ে যান।

ঘটনার পর সাঁতার কেটে ৩ বন্ধু কোনোমতে পাড়ে উঠতে সক্ষম হলেও পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন আমজাদ ও রাকিব। বেঁচে ফেরা ৩ জনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করলেও রাত ও নদীর প্রবল স্রোতের কারণে কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: ফুলপুরে সর্বোচ্চ ও নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদানকারীদের সম্মাননা স্মারক প্রদান

উদ্ধার অভিযানের বর্তমান পরিস্থিতি: খবর পেয়ে কোস্টগার্ড ও ইলিশা নৌ-পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত নিখোঁজ দুজনের কোনো সন্ধান মেলেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলার ইলিশা নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, "নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালিয়েছে। রাতের আঁধার ও স্রোতের কারণে সাময়িকভাবে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটেছে। তবে নিখোঁজদের উদ্ধারে সকালে ফের পুরোদমে অভিযান চালানো হবে।"