অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোর পাঠানো হচ্ছে গাজীপুর সংশোধনাগারে

Shahrier Islam Pallab
মোঃ মাসুদ রানা কুমিল্লা, জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেফতার চার আসামির মধ্যে বয়স কম হওয়ায় দুই কিশোরকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগারে) পাঠানো হচ্ছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম।

​পুলিশ জানায়, এই হত্যা মামলায় সরাসরি জড়িত তিনজন এবং সন্দেহভাজন হিসেবে গ্রেফতার একজনসহ মোট চার আসামিকে কুমিল্লা কারাগারে হস্তান্তর করা হয়েছিল। এদের মধ্যে বয়স বিবেচনায় মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসানকে (১৬) গাজীপুর সংশোধনাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন আদালত। অপর দুই প্রাপ্তবয়স্ক আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে বন্দি থাকবেন। এর মধ্যে সিয়াম সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

​কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান জানান, রবিবার রাতে পুলিশ চার আসামին কারাগারে হস্তান্তরের পর প্রক্রিয়া সম্পন্ন করে দুই কিশোরকে সোমবার গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে।

​এর আগে, গত শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ কুবি ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল।

আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে

​রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, শুধুমাত্র মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এদিকে রবিবার রাতে সিয়াম বাদে অপর তিন আসামি আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।