সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা প্রতিরোধে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও কৌশলগত এলাকাগুলোতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে নজরদারি এবং অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আরও পড়ুন: নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি
সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা পরিদর্শনকালে বিজিবিপ্রধান এসব নির্দেশনা দেন। এ সময় তিনি সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি ও অভিযান পরিচালনার প্রস্তুতি পর্যালোচনা করেন।
পরিদর্শনের অংশ হিসেবে বিলোনিয়া ও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টসহ কয়েকটি সীমান্ত ফাঁড়ি ঘুরে দেখেন তিনি। সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে বিজিবির ‘হত্যাযজ্ঞের পরিকল্পনা’ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন দাবি বাহিনীর
গত ১ থেকে ২১ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে থানা, হাসপাতাল, পরিবহণ সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখা এবং সরকারি স্থাপনায় ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সহিংসতা প্রতিরোধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি এখন পর্যন্ত ঢাকা এবং দেশের আরও ছয়টি জেলায় ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন সদস্য। এ ছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও অভিযান সমন্বয়ে প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করেছে বাহিনীটি। এ কাজে ড্রোন, বডিওর্ন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এদিকে, গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনার পর জেলা পরিদর্শনে গিয়ে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
গোপালগঞ্জের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এই এলাকার শান্তিপ্রিয় মানুষকে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’
জেলার দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশের থানাতেই যদি আগুন দেওয়া হয়, তাহলে পুলিশ কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবে—সেটি একটি বড় প্রশ্ন।
অন্যদিকে, শিল্পাঞ্চল, সরকারি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।
রাজধানীতেও অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ নাশকতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক পাচার, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত রোববার অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় অভিযান জোরদার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশনা দেন।
তাৎক্ষণিক নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি পুলিশ সদরদপ্তরেও বৃহত্তর সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে গঠিত আটটি উপকমিটির সুপারিশের ভিত্তিতে এসব সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে।
প্রস্তাবিত সংস্কার কার্যক্রমে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন, রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণ, সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশের জনবল, প্রশিক্ষণ ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল নজরদারি ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এর আওতায় বডিওর্ন ক্যামেরা ও স্মার্ট ট্র্যাকিং সিস্টেমের ব্যবহার সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান জোরদারের মধ্য দিয়ে সরকার নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে।





