দৈনিক বাংলাবাজারের পত্রিকা সংবাদের প্রভাব

কমলনগরে এক একর জমিতে গণকবরের উদ্বোধন, অবসান হলো দীর্ঘ ভোগান্তির

Shahrier Islam Pallab
কবির হোসেন রাকিব কমলনগর, (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৩ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর অবশেষে সরকারিভাবে উদ্বোধন করা হলো বহু প্রতীক্ষিত গণকবর। উপজেলার ৮ নম্বর চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বরাদ্দকৃত ১ একর খাস জমির ওপর স্থাপিত এই গণকবরের কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একই সাথে উদ্বোধনী দিনে গণকবর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সর্বসাধারণের দাফনকাজের সুবিধার্থে একটি নির্দিষ্ট গণকবরের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন স্থানীয় সাংবাদিক ও সমাজসেবকরা। এই প্রাণের দাবি আদায়ে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যান স্থানীয় সাংবাদিক কবির হোসেন রাকিব, জাহেদ, নুরুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর হাউজিংয়ের জামাল উদ্দিন, বাবুল মীর, মিল্লাদ, রাসেল, মহিন এবং জাকির শাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

​বিশেষ করে, গত তিন মাস আগে জাতীয় দৈনিক 'বাংলাবাজার' পত্রিকায় এ বিষয়ে একটি গুরুত্বসহকারে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি জোরালোভাবে জনসমক্ষে আসে এবং প্রশাসনের নজরে পড়ে।

​জনস্বার্থে স্থানীয়দের এই যৌক্তিক দাবি গুরুত্বের সাথে বিবেচনা করে ১ একর সরকারি খাস জমি দাফনকাজের জন্য বরাদ্দ প্রদান করায় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাদুজ্জামান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা। একই সাথে স্থানীয় প্রশাসনের এমন মানবিক পদক্ষেপে গভীর সন্তোষ প্রকাশ করে ইউএনওর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী

​স্থানীয় সচেতন মহল মনে করছেন, দৈনিক বাংলাবাজার পত্রিকায় সংবাদ প্রকাশের পর দীর্ঘ প্রতীক্ষার এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় চরকাদিরা ইউনিয়নসহ সমগ্র কমলনগর উপজেলার সাধারণ ও অসহায় মানুষের মরদেহ দাফনসংক্রান্ত চরম ভোগান্তির চির অবসান ঘটবে। আগামী দিনগুলোতে স্থানীয় অসহায় ও সর্বসাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এখানে মরদেহ দাফন ও মাটি দেওয়ার সুযোগ পাবেন।