করিমগঞ্জে গভীর রাতে পিকআপে আগুন, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে রাখা একটি জেক পিকআপ (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-১৩-৬৬৯০) গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে গাড়িটির যন্ত্রাংশ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গত সোমবার (২০ অক্টোবর) উপজেলার কিরাটন ইউনিয়নের গাংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে বাড়ির লোকজনের ডাক-চিৎকারে ঘুম ভাঙলে গাড়ির মালিক শাহীন দেখতে পান গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা মোঃ সুমন (২৮), মোঃ ইসমাইল (২৭) ও আতিবুর মিয়াসহ (৩৬) আশপাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ভেতরের সকল যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক
ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক শাহীন ইসলাম জানান, গাড়িটি ভাড়ায় চালিয়ে কোনোমতে সংসার চালাতেন। একমাত্র উপার্জনের মাধ্যমটি হারিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে তিনি করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় কিরাটন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক এই অপকর্ম ও পরিকল্পিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি করেন।
আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়
এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেব খান বলেন, "লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। নিরপেক্ষ ও সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"





