পেশাগত স্বীকৃতি ও প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ চান ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টিস্ট্রি) কোর্স সম্পন্ন করেও পেশাগত স্বীকৃতি ও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না দেশের প্রায় ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী। সরকারি চাকরিতে মাত্র ৮৫০টি পদ থাকায় অধিকাংশই পেশাগত অনিশ্চয়তা ও আর্থিক সংকটে রয়েছেন। এ অবস্থায় পেশাগত স্বীকৃতি, হয়রানি বন্ধ এবং প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালুর দাবিতে প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন এক প্রতিবাদলিপিতে এসব দাবি তুলে ধরেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ও ফেক আইডি ব্যবহার করে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও মানহানিকর প্রচারণার নিন্দা জানান তিনি।
আরও পড়ুন: বগুড়া জেলা পুলিশের টিএ বিল আত্মসাতের নতুন মোড
প্রতিবাদলিপিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারি তত্ত্বাবধানে সরকারি ও অনুমোদিত বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টিস্ট্রি) কোর্স পরিচালিত হচ্ছে। নির্ধারিত কারিকুলাম অনুসারে শিক্ষা গ্রহণের পর বাংলাদেশ স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অধীনে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা ডিপ্লোমা সনদ অর্জন করেন।
এতে আরও বলা হয়, দেশের গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডেন্টাল ডিপ্লোমাধারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু অর্জিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সীমিত পরিসরে প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা দিতে গেলেও তাঁদের বিভিন্ন ধরনের হয়রানি ও আইনগত জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পেশাগত দায়িত্ব ও কাজের পরিধি নির্ধারণের পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিসের জন্য নিবন্ধন চালু করা প্রয়োজন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত
সংগঠনটির পক্ষ থেকে সাত দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—দীর্ঘদিনের পেশাগত বঞ্চনা ও কর্মসংস্থান সংকট নিরসন, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় নির্ধারিত কর্মপরিধি অনুযায়ী দায়িত্ব ও কাজের ক্ষেত্র স্পষ্ট করা, প্রচলিত আইন ও নির্ধারিত কর্মপরিধির আলোকে প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবার জন্য প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন পদ সৃষ্টি।
এ ছাড়া ডেন্টাল ডিপ্লোমাধারীদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপপ্রচার ও মানহানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পেশাগত সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কার্যকর আলোচনার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
লায়ন মুহাম্মদ কামাল হোসেন আশা প্রকাশ করেন, নীতিনির্ধারকরা দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত বঞ্চনা ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পাশাপাশি তাঁদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।





