লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত
লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত আহত হওয়ার খবর পাওয়া গেছে। মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী হোসেন মিয়া (৫০) নিহত হয়েছেন। এসময় ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়। রোববার রাতে সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারে এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত ছেলে সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষনের জন্য নেয়। এরপর মোটরসাইকেলটি দিবে, দিচ্ছে বলে ১৩দিন ধরে আর দেয়নি। রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন মোটরসাইকেল আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যায়। এসময় শাকিল মোটরসাইকেলটি দেয়া নিয়ে তাল-বাহানা শুরু করে।
আরও পড়ুন: ১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫.০০ পেলেন গৃহবধূ রীতি
এসময় দু-পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে শাকিল হোসেন ও বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে হোসেন মিয়া ও তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর হোসেন মিয়াকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত হোসেন মিয়া কাজির দিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন এবং ছেলে একই বাজারে ঔষধের ফার্মেসীর ব্যবসা করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন ইমন ও সাব্বির





