আদালতের নির্দেশে চুনারুঘাটে রাস্তা দখলমুক্ত

Shahrier Islam Pallab
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে নির্মিত তালুকদার বাড়ির অবৈধ গেট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দামোদরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দামোদরপুর গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে একটি স্থায়ী গেট নির্মাণ করেছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে এলাকাবাসীর স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবা গ্রহণেও ভোগান্তি তৈরি হয়।

আরও পড়ুন: উলিপুরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

এ ঘটনায় রাস্তা দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর পক্ষে হাফিজ আহমদ তালুকদার আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জের আদালত অবৈধ গেটটি অপসারণের নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা বাস্তবায়নে বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ সদস্য ও প্রশাসনের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে শ্রমিকদের সহায়তায় গেটটি ভেঙে অপসারণ করা হয়।

আরও পড়ুন: নীলফামারীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার বলেন, আইন সবার ঊর্ধ্বে। জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী রাস্তা দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গেটটি অপসারণের ফলে দীর্ঘদিনের চলাচলের ভোগান্তি দূর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, গেট নির্মাণের পর থেকে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছিল। এমনকি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ যানবাহন চলাচলেও সমস্যা হতো। রাস্তা উন্মুক্ত হওয়ায় এখন তারা স্বাভাবিক চলাচলের সুযোগ পাবেন।