কুমিল্লায় পুলিশের অভিযানে ২৯৯ জন আটক, আইনের আওতায় ১৫৯

Shahrier Islam Pallab
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩৮ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তিদের মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উলিপুরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিশেষ করে যেসব এলাকায় কিশোর বয়সি বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: নীলফামারীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সি কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ কঠোর নজরদারি রাখছে।

তিনি আরও জানান, কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক কারবার, ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।