জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হরিরামপুরের ২ টি সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩২ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও দুটি সরকারি ভবনে পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। ভবন দুটি হলো উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলা ডাকবাংলো। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়। তবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও উপজেলা ডাকবাংলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও হরিরামপুরের দুটি সরকারি ভবনে পতাকা উত্তোলন না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

এ বিষয়ে খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুদ্দিন আহমেদ নান্নু বলেন,জাতীয় পতাকা হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। নির্ধারিত দিবসে পতাকা উত্তোলন না করা বা এ বিষয়ে অবহেলা করা জাতীয় মর্যাদাকে ক্ষুণ্ন করার শামিল। তাই আইন ও সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে এ কর্মসূচি পালন করা উচিত।

আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান মুঠোফোনে বলেন,আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাও মুঠোফোনে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।

তবে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কেন সরকারি ২টি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি,সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল