শুধু দল করলেই ক্ষমতায় থাকা যায় না, জনগণের রাজনীতি করতে হবে: জহির উদ্দিন স্বপন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:২২ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুধু রাজনৈতিক দল গঠন বা সাংগঠনিক কার্যক্রম চালালেই ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের আস্থা অর্জন করতে হলে জনগণের স্বার্থকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৬ নভেম্বর) বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে এবং বিকেল ৪টার দিকে গৌরনদী উপজেলা চত্বরে সভা দুটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, তিনি শুধু রাজনৈতিক দল পরিচালনা করেননি, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকেও দলের অংশে পরিণত করেছিলেন বলে তাঁর অভিযোগ। পুলিশ ও বিভিন্ন বাহিনীকে দলীয় প্রভাবের আওতায় নেওয়া এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। এত কিছুর পরও ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের রাজনীতি না করলে কোনো দল মানুষের মনে স্থায়ী জায়গা করে নিতে পারে না।

বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শন সম্পর্কে নেতাকর্মীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ৭ নভেম্বরের চেতনা, বিএনপির রাজনীতি ও আদর্শ প্রত্যেক নেতাকর্মীর ভালোভাবে বোঝা প্রয়োজন। দলের যোগ্য নেতাদের দায়িত্ব হলো সহকর্মীদের রাজনৈতিক দর্শন ও আদর্শ শেখানোর জন্য সময় দেওয়া।

আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের কর্মকাণ্ড শুধু ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। একইভাবে সরকার গঠনের পর শুধু গম-চাল বিতরণ বা এ ধরনের কার্যক্রমই দলের মূল কাজ হওয়া উচিত নয়। একটি রাজনৈতিক দলকে দীর্ঘদিন টিকে থাকতে হলে তার আদর্শ, দর্শন ও সাংগঠনিক শক্তিকে সুসংহত করতে হবে।

গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভাগুলোর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।

সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কাজল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন এবং জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন নারীনেত্রী তাসলিমা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার আলম পান্নু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমন্তা প্রমুখ।