সেনাবাহিনী প্রধান পটুয়াখালী-খুলনা পরিদর্শন, নির্বাচন নিরাপত্তা পর্যালোচনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি পটুয়াখালী ও খুলনা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও, অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সেনাপ্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুরূপ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জ এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী নিয়োগে তিন এমপির একরকম ডিও নিয়ে প্রশ্ন
সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; জিওসি, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া; সেনাসদর বরিশাল ও যশোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; বিভাগীয় কমিশনারগণ, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।
আরও পড়ুন: সাংবাদিক মমিনুল ইসলামের কন্যা মেঘা-মমিনুলের জন্মদিন উদযাপন
সেনাবাহিনী প্রধানের এই পদক্ষেপ নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





