পল্লবীতে ‘শুটার’ বৃন্দা রনি গ্রেফতার, ব্রাজিলিয়ান রিভলভারসহ বিপুল গুলি উদ্ধার
ঢাকার পল্লবী থানা পুলিশের অভিযানে ‘শুটার’ হিসেবে পরিচিত মোঃ শফিকুল ইসলাম রনি @ বৃন্দা রনি (২৫) গ্রেফতার হয়েছে। এসময় তার দেখানো ও সনাক্ত মতে একটি ব্রাজিলের তৈরি রিভলভার, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলমগীর জাহানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এসআই সাজু বিশ্বাস, এসআই আজিম আহমেদ, এসআই তোহাকুল ইসলাম, এসআই রাশেদুল ইসলাম, এসআই আল আমিন, এসআই মাহবুব হাসান, এসআই আবু সামা, এসআই রানা মিয়া, এসআই ওবায়দুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বুধবার (৩০ এপ্রিল ২০২৬) রাত ২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: ডোপ টেস্টে মাদক পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন বরখাস্ত
অভিযানে পল্লবী থানাধীন সেকশন-১২ শাহ পরান বস্তির মোসাঃ সালেহা বেগমের পশ্চিমমুখী বসতঘরের উত্তর-পশ্চিম কোণে একটি পুরনো প্লাস্টিকের বস্তার ভেতর গাছের টবের সঙ্গে লাগানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রনি নরসিংদী জেলার শিবপুর থানার পুইট্টা এলাকার বাসিন্দা। বর্তমানে সে পল্লবীর সেকশন-১২ সিরামিক রোডের হিন্দুপাড়া বস্তিতে বসবাস করছিল।
আরও পড়ুন: এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক
পুলিশ জানায়, গত ২১ মার্চ ২০২৬ রাত ৯টা ৪০ মিনিটে পল্লবীর আলীনগরগামী সড়কে রোজ গার্ডেন ভবনের সামনে রনি ও তার সহযোগী পিচ্চি বাবু এবং বড় লোকমান মিলে গুলিবর্ষণ করে। ঘটনাটি ভিডিও ফুটেজে ধরা পড়ে এবং তা বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় মামলা নং-৩১ (তারিখ: ২৩ মার্চ ২০২৬) পেনাল কোড ১৮৬০ এর ৩৯৪ ধারায় মামলা রুজু হয়।
পুলিশ আরও জানায়, বৃন্দা রনি পল্লবী এলাকায় ‘শুটার’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া একটি দস্যুতা মামলা তদন্তাধীন আছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





