রাজধানীর সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে: প্রেস উইং

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে যানজট, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা কমবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেস উইংয়ের অফিসিয়াল পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

বিবৃতিতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য বাসযাত্রা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ঢাকার যানজটের একটি বড় কারণ হলো অকার্যকর রুটে বাস চলাচল। এ কারণে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা।

প্রেস উইং জানায়, নতুন উদ্যোগের মাধ্যমে সব বাস একক ব্যবস্থার অধীনে আসবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এতে রুট শৃঙ্খলা আসবে, বাস সার্ভিস আরও উন্নত হবে এবং সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা কমে আসবে।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

এছাড়া যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে। রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখ লাখ মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও আরামদায়ক।