গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ শুক্রবার বিকেল ৫টা ২৮ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির আট তলার ছাদে অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে বিকেল ৫টা ৩৩ মিনিটে প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালো ধোঁয়া জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা দ্রুত ভবন থেকে বের হয়ে যান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ঘিঞ্জি এলাকা এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় পানির উৎস পেতে শুরুতে কিছুটা সমস্যা হলেও ফায়ারফাইটাররা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার
বিকেল পৌনে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।





