কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রতারণার প্যাকেজ: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি ‘প্রতারণার প্যাকেজ’। এসব কার্ডের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের প্রকৃত সংকট কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড নয়; দেশের অর্থনীতিকে চাঙ্গা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ১০ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ধানমন্ডিতে ৮৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের আরেকটি বড় সংকট হলো ঋণখেলাপি ও লুটেরাদের বিচার না হওয়া। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি না হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না। এ জন্য এনসিপি পরিকল্পিত কর্মসূচি ও বাস্তবসম্মত ইশতেহার নিয়ে জনগণের সামনে এসেছে।
তিনি আরও বলেন, “আমরা শুধু স্লোগান দিচ্ছি না। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তা নিয়ে সুস্পষ্ট পরিকল্পনার কথা বলছি।”
আরও পড়ুন: বিএনপি নেতা আবুল বাশার হত্যা মামলার আসামি লেদু হাসান গ্রেপ্তার, বিরুদ্ধে ৩৬ মামলা
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, তাহাজ্জুদের নামাজের পর ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বানের আড়ালে কেন্দ্র দখল করে সিল মারার ষড়যন্ত্র করা হচ্ছে। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র প্রতিহত করবে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবে। ভোটে বাধা সৃষ্টি বা কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
একই জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, দেশে আবারও মিডিয়াকে দলীয়করণের পথে ঠেলে দেওয়া হচ্ছে। অনেক প্রতিষ্ঠান প্রকাশ্যে একপেশে আচরণ করছে। তিনি বলেন, “৫ আগস্টের আগে অনেক মিডিয়া দালালি করেও ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে পারেনি। এ দেশের জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদমুক্ত করেছে।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমানসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।





