রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৫৭ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ঢাকার সায়েন্সল্যাব মোড় ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে সায়েন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ে এবং তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতের দিকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এ দুটি দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে সিথিকে নিয়ে ঈদের কেনাকাটায় বের হয়েছিলেন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। রাত ৯টার দিকে সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত সিথিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আরেকটি দুর্ঘটনায় দুইজন নিহত হন। হারুনর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় অটোরিকশাটি ইউটার্ন নিতে গিয়ে আইল্যান্ডে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারুনর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুর্ঘটনায় আহত সানির স্ত্রী ও তার বোন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।