রাজধানীতে ঝুম বৃষ্টি, জনজীবনে ভোগান্তি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারারাত মেঘলা আকাশের পর ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। হঠাৎ এই মুষলধারে বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া বৃষ্টিতে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং বিভিন্ন এলাকায় জলজট তৈরি হয়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত ওসি-এসআই

অনেকেই ছাতা ছাড়া বের হয়ে ভিজে যান, আবার যাদের কাছে ছাতা ছিল তারাও পুরোপুরি রক্ষা পাননি। ভেজা কাপড় ও জুতা নিয়ে গন্তব্যে পৌঁছাতে গিয়ে বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: তেজগাঁও-মহাখালী সড়ক অবরোধ, তীব্র যানজট

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

যেসব অঞ্চলে এই পরিস্থিতি থাকতে পারে সেগুলো হলো— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে এবং বিশেষ করে উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঝুঁকি বেশি থাকবে।