ঈদের ছুটিতেও খোলা কিছু ব্যাংক, পশুর হাট এলাকায় রাত ১০টা পর্যন্ত লেনদেন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০১ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ২৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হলেও সীমিত পরিসরে খোলা থাকছে দেশের কিছু ব্যাংক শাখা। তৈরি পোশাক শিল্প খাতের বেতন-বোনাস পরিশোধ এবং কোরবানির পশুর হাটকেন্দ্রিক আর্থিক লেনদেন সচল রাখতে মঙ্গলবার (২৬ মে) বিশেষ ব্যবস্থায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) জানিয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

আরও পড়ুন: গাবতলী পশুর হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: প্রতিমন্ত্রী

এসব শাখায় অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

অন্যদিকে, কোরবানির পশুর হাটে অর্থ লেনদেন সহজ করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঈদের ছুটিতে এবারও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগ খোলা

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) জানিয়েছে, পশু ব্যবসায়ী ও ক্রেতারা যাতে নিরাপদে অর্থ জমা, উত্তোলন এবং লেনদেন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে অস্থায়ী বুথ স্থাপন করতে হবে। পাশাপাশি নতুন হিসাব খোলার সুবিধাও রাখতে বলা হয়েছে।

যেসব এলাকায় বিশেষ ব্যাংকিং সেবা থাকবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাবতলী, মিরপুর, কালশী, উত্তরা দিয়াবাড়ী, খিলক্ষেত ও বড় বেরাইদসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী পশুর হাটে ব্যাংকিং সেবা চালু থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাজলা, মাতুয়াইল, বনশ্রী, রহমতগঞ্জ, পোস্তগোলা, খিলগাঁও, গোলাপবাগ, আমুলিয়া ও সারুলিয়াসহ বিভিন্ন পশুর হাট এলাকাতেও বিশেষ ব্যাংকিং ব্যবস্থা থাকবে।

এ ছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাট এলাকায়ও বিশেষ ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ২৬ মে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নতুন সময়সূচিতে পরিচালিত হবে।

আরটিজিএসের মাধ্যমে গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত তাৎক্ষণিক অর্থ লেনদেন করতে পারবেন। আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করা যাবে দুপুর ১টা পর্যন্ত।

এদিন হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১১টার মধ্যে চেক জমা দিতে হবে এবং তা নিষ্পত্তি হবে দুপুর সাড়ে ১২টার মধ্যে। রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে চেক জমা দিতে হবে, যা নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে।

এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালুর আগের নির্দেশনাও বহাল থাকবে। ঈদের ছুটিকালীন সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।