আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান সাংবাদিকদের জানান, নবজাতক ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, ও কর্তৃপক্ষের নিদারুণ অবহেলা
তিনি বলেন, “ঘটনার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ আমরা হাসপাতালে এসেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, এই সময়ের মধ্যেই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক চিকিৎসাধীন ছিলেন। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে হাসপাতাল ও প্রশাসনের মধ্যে সমন্বয় করা হয়।
আরও পড়ুন: সার্জেন্টের বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩
ভুক্তভোগী পরিবারের কয়েকজন অভিযোগ করেন, নবজাতক ওয়ার্ডে এসি বন্ধ থাকা ও দুর্গন্ধের কারণে পরিস্থিতি খারাপ হয়ে পড়ে। পরে কয়েকজন নবজাতককে এনআইসিইউতে স্থানান্তর করা হয়।
তবে চিকিৎসা অবহেলা বা এসি-সংক্রান্ত কোনো কারণে মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন ও পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, পোস্ট-অপারেটিভ কক্ষে থাকা অবস্থায় ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, এক নবজাতকের মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয় এবং পরবর্তীতে চালু করার পরপরই কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও জানান, ঘটনাটির কারণ অনুসন্ধানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





