টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:১৫ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এক জায়গা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলেও তাঁরা অন্য স্থানে গিয়ে আবারও সড়ক অবরোধ করছেন। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।

আরও পড়ুন: কুলাউড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিংয়ে যুক্ত হলো চৌধুরী বাজার

জানা গেছে, সকালে নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ শুরু করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।

অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ভবানীপুর এলাকায়ও পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার ১৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাজ করছে।