‎কেন্দুয়ায় হিমালয় ফিলিং স্টেশনকে আবারও লাখ টাকা জরিমানা

Sadek Ali
‎‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৫৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎নেত্রকোণার কেন্দুয়ায় জ্বালানি তেল পরিমাপে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে হিমালয় ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছয়টি পাম্পের মধ্যে তিনটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

‎‎সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আরও পড়ুন: ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া

‎‎উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎‎প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে ফিলিং স্টেশনের ছয়টি পাম্পের মধ্যে তিনটিতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ফায়ার লাইসেন্স নবায়ন না থাকা এবং ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে সল্টগোলা-নিউমুরিং সড়কের যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা

‎‎সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয়টি পাম্পের মধ্যে তিনটিতে পরিমাপে কম তেল দেওয়ার প্রমাণ মিলেছে। পাশাপাশি লাইসেন্স ও ক্যালিব্রেশন সনদসংক্রান্ত অনিয়মও পাওয়া গেছে।

‎‎তবে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান। তাঁর দাবি, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ২০২৭ সাল পর্যন্ত নবায়ন করা রয়েছে এবং ফায়ার লাইসেন্স নবায়নের প্রক্রিয়া চলমান। এরপরও এক লাখ টাকা জরিমানা করাকে তিনি বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন।

‎‎মিজানুর রহমান আরও বলেন, উপজেলার বিভিন্ন বাজারে অবৈধভাবে পেট্রোল ও ভেজাল জ্বালানি তেল বিক্রি হলেও সেসবের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা দেখা যায় না। নিয়মিত সরকারকে রাজস্ব দেওয়ার পরও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারবার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎‎উল্লেখ্য, এর আগে গত অক্টোবর মাসেও একই ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছিল প্রশাসন।