১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ
ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের প্রতারণায় সৌমেন গ্রেফতার
রাজধানীর গুলশান এলাকায় 'ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড' নামক প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের নামে প্রতারণার মাধ্যমে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম সৌমেন সাহা (৩৫)।
আরও পড়ুন: ধানমন্ডিতে চাপাতির মুখে ছিনতাই, তিন পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
গুলশান থানা সূত্রে জানা যায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ব্যবসায়িক কারণে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে অভিযুক্ত সৌমেন সাহার পরিচয় হয়। করোনাকালীন সময়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে।
২০২৩ সালে সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ ক্রয়ের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৫০ লাখ টাকা হাওলাত নেন। পরবর্তীতে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে 'Trust Gold & Diamond Ltd.' নামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব দিয়ে বাদীকে ব্যবসায় অংশীদার বানানোর প্রতিশ্রুতি দিয়ে ৪ কোটি ৩০ লাখ টাকা নেন। এভাবে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন।
আরও পড়ুন: জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কমিটি, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় সমন্বয়ের সিদ্ধান্ত
বিনিয়োগের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সৌমেন সাহা ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করেন। সর্বশেষ ভুক্তভোগী পুনরায় হিসাব দাবি করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়।
তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি দল হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় সৌমেন সাহাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজধানীর গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, গ্রেফতারকৃত সৌমেন প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন ব্যবসায়িক কৌশল অবলম্বন করে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





