পুরান ঢাকায় সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, যেখানে অধিকাংশই চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে ‘আরমান’ নামের একটি সেলুনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে রাত দেড়টার দিকে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: ৮ দফা দাবিতে সড়ক অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের, তীব্র যানজট
দগ্ধদের মধ্যে রয়েছেন চুল কাটতে আসা ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫)। এছাড়া সেলুনের কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) এবং শাকিব (১৭) আহত হয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে ফারুকের শরীরের প্রায় ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ও পাপ্পুর ১৮ শতাংশ করে, শমসেদ ও আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ এবং জসিমের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। শাকিবের দগ্ধের পরিমাণ ১ শতাংশ হওয়ায় তাকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: বিভিন্ন স্লোগান দিয়ে সায়েন্সল্যাবের সড়ক অবরোধ, তীব্র যানজট
তিনি আরও জানান, আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, কী কারণে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





