শেরেবাংলা নগর চেকপোস্টে ২৫ লাখ ৯০ হাজার টাকাসহ দুইজন গ্রেফতার
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনা করে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ ঘটনায় টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুইজনকে আটক করা হয়েছে।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে উদ্ধার করা হয় নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা। টাকা সম্পর্কে জানতে চাইলে রিকশার যাত্রী মো. ইসরাফিল টাকার উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
আরও পড়ুন: বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া
পরবর্তীতে সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।
এ ঘটনায় উদ্ধার করা নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। একই সঙ্গে মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব শুরু ২২ আগস্ট
আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





