প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:০২ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

পুলিশের তথ্যমতে, এসব ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি করা হচ্ছিল। এ ছাড়া আরও অনেকের নামে একাধিক ভুয়া আইডি ও পেজ তৈরির তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

অভিযোগ পাওয়ার পর ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান পরিচালনা করে। রবিবার বিকেলে পরিচালিত অভিযানে কারকান রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রাজধানীর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

আরও পড়ুন: কমলাপুরে নারীর কানের দুল ছিনতাই, ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী আটক