ভাটারা থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার মা ও ছেলে আটক

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫০ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকা থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মালা বেগম ও মামুন চোকদার নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সম্পর্কে মা-ছেলে। তবে ইয়াবার মালিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যার নাম এসেছে, সেই সাহিদা বেগম ইতি পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ডিএনসি সূত্রে এসব তথ্য জানা যায়। সংস্থাটির কর্মকর্তাদের ভাষ্য, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ টাকা।

ডিএনসির তথ্য অনুযায়ী, উপপরিচালক আনোয়ার হোসেনের নির্দেশনায় ডেমরা সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ভাটারা থানার ছোলমাইদ এলাকার ঢালিবাড়ী কাঁচাবাজারসংলগ্ন একটি বাসায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন: খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ

অভিযানটি চালানো হয় বাড়িটির নিচতলার একটি ভাড়া করা ফ্ল্যাটে। সেখানে থাকা মালা বেগম ও মামুন চোকদারকে আটক করা হয়। পরে ফ্ল্যাটের ভেতর একটি কফি রঙের কাপড়ের সাইড ব্যাগ থেকে কাগজ ও স্কচটেপে মোড়ানো ১৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতরে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে জানিয়েছে ডিএনসি।

এ সময় সাহিদা বেগম ইতিকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি পালিয়ে যান।

আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএনসি জানায়, উদ্ধার করা ইয়াবার প্রকৃত মালিক সাহিদা বেগম ইতি। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুত রাখতেন। পরে গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড এবং টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় এসব মাদক সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডিএনসির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।